অযৌক্তিকভাবে চাকরিচ্যুত প্রায় ১৩শ’র বেশি সৈনিকের ভূতাপেক্ষ পদোন্নতি ও সুযোগ সুবিধার আবেদনের পরিপ্রেক্ষিতে ৮৫০টি আবেদন যৌক্তিক হিসেবে নির্ধারণ করা হযেছে।
সেখান থেকে পর্যালোচনা পর্ষদ প্রথম ধাপে ৩৫০ জনের আবেদন পর্যালোচনা করে ১৬০ জনেরও বেশি অব্যাহতিপ্রাপ্ত সেনা সদস্যদের ভূতাপেক্ষ পদোন্নতি বা সুযোগ-সুবিধা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে।
বুধবার (৮ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
ইতোমধ্যে চাকরি হারানো বেশ কয়েকজন সাবেক সেনা সদস্য অবসরকালীন সুযোগ সুবিধা পেতে শুরু করেছেন। যেকোনো সময়ে অন্যরাও সুযোগ-সুবিধা পাবেন।
জানা গেছে, বর্তমানে পর্যালোচনা পর্ষদে বাছাই হয়ে থাকা বাকি প্রায় ৫০০টি আবেদন প্রক্রিয়াধীন। প্রতিটি আবেদনই কয়েকটি ধাপে নিখুঁতভাবে যাচাই-বাছাই করা হয়েছে। যে অভিযোগে তাদের চাকরি চলে গিয়েছিল, সেগুলো ভালোভাবে খতিয়ে দেখা হয়েছে।
এতে দেখা গেছে, অনেকে মাদকাসক্ত, পরকীয়া সম্পর্কসহ বিভিন্ন নৈতিকস্খলনজনিত কারণে চাকরি হারিয়েছেন। কিন্তু তারাও সময় এবং সুযোগ বুঝে বৈষম্য ও অন্যায়ের শিকার দাবি করে চাকরি ফিরে পাওয়া বা ভূতাপেক্ষ সুযোগ-সুবিধার জন্য আবেদন করেন।
বর্তমানে সাবেক সৈনিকদের মধ্যে যারা আন্দোলনে নামার তৎপরতা চালাচ্ছেন, তাদের মধ্যে বিভিন্ন অপরাধে জড়ানো ওই জাতীয় সাবেক সেনা সদস্যরা অগ্রগামী ভূমিকা রাখছেন বলে মনে করা হচ্ছে। তাদের উস্কানিমূলক এই আন্দোলনের ফলে সুপারিশপ্রাপ্ত বা যৌক্তিক সুযোগ-সুবিধা প্রাপ্য হতে যাচ্ছেন এমন সৈনিকরাও ক্ষতিগ্রস্তের সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









