ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিরাপত্তা নিশ্ছিদ্র করতে সারা দেশে ৩৭ হাজারেরও বেশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য দায়িত্ব পালন করবে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে রাজধানীর বিভিন্ন নির্বাচনি বেজ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান।
তিনি বলেন, ‘ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারা দেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
কর্নেল এস এম আবুল এহসান বলেন, ‘৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে বিজিবি নির্বাচনি দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্বে থাকবে।’
তিনি আরও জানান, ঝুঁকি বিবেচনায় দেশের ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
সূত্র জানায়, নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (আরএটি) এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত থাকবে। প্রয়োজনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে এসব ইউনিট কাজ করবে। নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত কে-নাইন ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









