চট্টগ্রামের বন্যা পরিস্থিতির শুরু থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
শনিবার (১১ জুলাই) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার রশিদের পুকুর এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ শুরুর পর থেকেই প্রধানমন্ত্রী নিয়মিত পরিস্থিতির খোঁজ নিচ্ছেন। কোথায় কী প্রয়োজন এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কী ধরনের সহায়তা দরকার, সে বিষয়ে তিনি সার্বক্ষণিক অবগত রয়েছেন। সম্প্রতি তিনি নিজেও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এম ইকবাল হোসেইন আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ নিতে চট্টগ্রামে এসেছেন। সরকার সব সময় দুর্যোগকবলিত মানুষের পাশে রয়েছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে প্রস্তুত।
তিনি জানান, বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ কমাতে ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্যও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বন্যাকবলিত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন এবং তাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









