দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে গত আড়াই মাসে ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। একই সময়ে বিভিন্ন মামলা ও নিয়মিত অভিযানে আরও ৮৩ হাজার ৮১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) পুলিশ সদরদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে পুলিশ ২৪৩টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৩১৩ রাউন্ড গুলি ও কার্তুজ, ৮৮টি ম্যাগাজিন, ৪৩টি ককটেল, ২ কেজি গান পাউডার, ৫০৩টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি উদ্ধার করেছে।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ৭৬টি পিস্তল, ৩০টি শুটারগান, ৩৩টি এলজি, ১৮টি রিভলভার, ৫০টি বন্দুক, ১৫টি পাইপগান, ৪টি শটগান, ২টি রাইফেল, ২টি এসএমজি, ১২টি এয়ারগান এবং একটি পেনগান।
এ ছাড়া একই সময়ে বিভিন্ন অভিযানে ৭৬ লাখ ৪০ হাজার ২৭৬ পিস ইয়াবা, ৮ হাজার ২৮৪ পুরিয়া হেরোইন, ৩ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৫ বোতল বিদেশি মদ, ৩৫৪ বোতল দেশি মদ এবং ৫ হাজার ৩৩৬ পুরিয়া গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক উদ্ধারের ঘটনায় এ সময় ১৪ হাজার ১৫৭টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন ২০ হাজার ৪৩৯ জন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









