মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, প্রতিটি মসজিদভিত্তিকভাবে ব্যয় ও বাস্তবায়ন প্রক্রিয়া খতিয়ে দেখা হবে।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য জয়নুল আবেদীন ফারুকের (নোয়াখালী-২) এক সম্পূরক প্রশ্নের জবাবে ধর্ম বিষয়ক মন্ত্রীর পক্ষে এ কথা বলেন তিনি।
জয়নুল আবেদীন ফারুক তার প্রশ্নে জানান, সেনবাগ উপজেলা মডেল মসজিদ নির্মাণে প্রকল্প ব্যয় ১৩ কোটি টাকা থেকে বেড়ে ২১ কোটি টাকায় উন্নীত হয়েছে। এ ব্যয় বৃদ্ধির কারণ এবং সম্ভাব্য অনিয়ম তদন্তের বিষয়ে সরকারের উদ্যোগ জানতে চান তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে মসজিদভিত্তিক তদন্ত পরিচালনার অনুরোধ জানানো হবে। তদন্তে দেখা হবে কীভাবে একটি মসজিদের নির্মাণ ব্যয় ১৩ কোটি টাকা থেকে ২১ কোটিতে পৌঁছেছে, প্রকল্পে মোট কত অর্থ বরাদ্দ ছিল এবং মোট কতটি মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে।
এ সময় অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও তার নির্বাচনি এলাকার দুর্গাপুর মডেল মসজিদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, মসজিদটি একটি বড় পুকুরের পেছনে নির্মাণ করা হয়েছে। সেখানে যেতে একটি সেতু পার হতে হয়, ফলে স্থানীয় মুসল্লিদের জন্য এটি ব্যবহার করা সুবিধাজনক নয়।
ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের অনুপস্থিতিতে প্রশ্নের জবাব দিতে গিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, জয়নুল আবেদীন ফারুক যে বিষয়টি উত্থাপন করেছেন, তা অন্য প্রকল্পের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। তার ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে অর্থ লুটপাটের উদ্দেশ্যে বহু প্রকল্প গ্রহণ করা হয়েছিল।
তবে তিনি স্পষ্ট করে বলেন, মডেল মসজিদ প্রকল্পে পদ্মা সেতু প্রকল্পের মতো একই মাত্রার দুর্নীতি হয়েছে এমন দাবি তিনি করছেন না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মডেল মসজিদ প্রকল্প একটি ভালো উদ্যোগ। তবে প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়িত হয়েছে কি না এবং কেন নির্মাণ ব্যয় এত বেড়েছে, সেটি তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া প্রয়োজন।
দেশের অর্থনীতি নিয়ে প্রকাশিত শ্বেতপত্রের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, অতীতে বড় বড় প্রকল্পে প্রথমে ব্যয় বাড়ানো হয়েছে, পরে বাস্তবায়নের সময় একাধিকবার বৃদ্ধি করা হয়েছে এবং শেষ পর্যন্ত প্রকল্প ব্যয় আরও বাড়ানো হয়েছে। তার মতে, এসব বিষয়ও পর্যালোচনার প্রয়োজন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









