শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নামা শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন শেষে শিক্ষাভবন এলাকা ত্যাগ করেছেন। তাদের চলে যাওয়ার পর পুলিশ সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শেষ করে স্থান ত্যাগ করেন।
এর আগে এদিন পরীক্ষা শেষে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়কে অবস্থান নিয়ে সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন তারা।
শিক্ষার্থীদের আগমনের খবর পেয়ে আগে থেকেই শিক্ষাভবন মোড়ে অবস্থান নেয় পুলিশ। বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়মুখী যাত্রা ঠেকাতে শিক্ষাভবনের সামনে বসানো ব্যারিকেড শেকল দিয়ে তালাবদ্ধ করা হয়।
এ সময় ব্যারিকেডের পেছনে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং একটি জলকামান মোতায়েন ছিল। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীরা সেখানে পৌঁছে ব্যারিকেডের সামনে অবস্থান নেন। তবে তারা ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেননি এবং কোনো ধরনের স্লোগানও দেননি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









