সাতক্ষীরার কলারোয়ায়কে কেন্দ্র করে ৪.১ মাত্রার এক মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এই মৃদু ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। বিজ্ঞপ্তিতে এটিকে ‘হালকা’ শ্রেণির হিসেবে উল্লেখ করা হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার কলারোয়ায়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিম দিকে উৎপত্তিস্থলের দূরত্ব ১৭৫ কিলোমিটার।
ইউরোপীয় ইউনিয়নের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজি সেন্টারের (ইএমএসসি) তথ্য বলছে, ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের গভীরতা ছিল ১৫০ কিলোমিটার। আর কেন্দ্র ছিল সাতক্ষীরা থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









