বাবা-মায়ের বৈবাহিক সম্পর্ক থাকুক বা না থাকুক, নাবালক সন্তানের ভরণপোষণ দেওয়া বাবার আইনগত দায়িত্ব বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।
এক ব্যক্তির সিভিল রিভিশন আবেদন খারিজ করে গত ২২ জুন দেওয়া রায়ে বিচারপতি আবদুর রহমানের একক বেঞ্চ এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রায়ের প্রত্যয়িত অনুলিপি প্রকাশের পর বিষয়টি জানা যায়।
রায়ে আবেদনকারী শেখ নজরুল ইসলামকে গত ১০ বছরের বকেয়া দেনমোহর, সন্তানের ভরণপোষণসহ প্রাপ্য সব অর্থ আইন অনুযায়ী পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত পর্যবেক্ষণে বলেন, নাবালক সন্তানের ভরণপোষণ একটি স্বাধীন ও আইনগত অধিকার। বাবা-মায়ের বৈবাহিক সম্পর্ক থাকুক বা না থাকুক, সন্তান যার কাছেই থাকুক না কেন, তার ভরণপোষণের দায়িত্ব বাবার ওপরই বর্তায়।
এ ছাড়া হাইকোর্ট বলেন, যথাযথ আইনি প্রক্রিয়ায় প্রমাণিত না হলে কোনো তালাকের আইনগত কার্যকারিতা থাকে না। কেবল তালাকের দাবি তুলে পারিবারিক আদালতের ডিক্রি বাস্তবায়ন ঠেকানো বা সন্তানের ভরণপোষণের দায় এড়ানো যাবে না।
তবে আদালত উল্লেখ করেন, স্বামী যদি প্রকৃতপক্ষে বিবাহবিচ্ছেদ করতে চান, তাহলে আইন ও বিধি অনুসরণ করে নতুন করে ডিভোর্সের প্রক্রিয়া শুরু করতে পারবেন। এ রায় সে ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









