বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে দ্রুত এবং কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ইটভাটাজনিত দূষণ কমানো, রাজধানী থেকে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী যানবাহন অপসারণ এবং অতিরিক্ত হর্নের ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শনিবার (১৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্বকালে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে দেশের বায়ু ও শব্দদূষণের বর্তমান পরিস্থিতি এবং তা নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
সভায় ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। এ সময় পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী এবং এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
রাজধানীতে অতিরিক্ত হর্নের কারণে বাড়তে থাকা শব্দদূষণ নিয়ন্ত্রণেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও এআই প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশ দূষণকারী বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের ওপর জোর দেওয়া হয়।
ঢাকার যানজট কমানো ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে রাজধানীর আরও অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে দ্রুত অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









