ফুটবলের ইতিহাসে কিছু স্টেডিয়াম শুধু ইট-পাথরের কাঠামো নয়; তারা হয়ে ওঠে স্মৃতির ভাণ্ডার। কোনো কোনো মাঠ একজন খেলোয়াড়ের সবচেয়ে বড় বেদনার সাক্ষী হয়, আবার বছর ঘুরে সেই একই মাঠ হয়ে ওঠে তার মহিমার মঞ্চ। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম লিওনেল মেসির জন্য ঠিক তেমনই এক জায়গা—যেখানে একদিন তিনি ভেঙে পড়েছিলেন, আর আজ সেখানেই তিনি দাঁড়িয়ে আছেন অমরত্বের আরেকটি অধ্যায় লেখার দ্বারপ্রান্তে।
রবিবারের বিশ্বকাপ ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই মেটলাইফ স্টেডিয়ামে, যেখানে ঠিক দশ বছর আগে কোপা আমেরিকা সেন্টেনারিওর ফাইনালে ঘটে গিয়েছিল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তগুলোর একটি।
২০১৬ সালের সেই রাতে টাইব্রেকারে চিলির কাছে হেরে যায় আর্জেন্টিনা। এটি ছিল জাতীয় দলের জার্সিতে মেসির টানা তৃতীয় ফাইনাল হার। ২০১৪ বিশ্বকাপ, ২০১৫ কোপা আমেরিকা এবং এরপর ২০১৬ সালের কোপা—প্রতিবারই শিরোপার এত কাছে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছিল তাকে। পরাজয়ের ভার ছিল এতটাই অসহনীয় যে ম্যাচ শেষে আবেগে ভেঙে পড়ে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন।
সেই মুহূর্তে মনে হয়েছিল, হয়তো আর্জেন্টিনার জার্সিতে মেসির গল্প এখানেই শেষ। বার্সেলোনায় যেখানে সাফল্য যেন ছিল তার নিত্যসঙ্গী, সেখানে জাতীয় দলের হয়ে বড় কোনো শিরোপা জেতার স্বপ্ন বারবার হাতছাড়া হচ্ছিল। সমালোচনা, হতাশা এবং অপূর্ণতার ভার তাকে গ্রাস করেছিল।
কিন্তু কয়েক মাস পর তিনি সিদ্ধান্ত বদলান।
আর সেখান থেকেই শুরু হয় এক অসাধারণ পুনর্জন্মের গল্প।
ফুটবল, অনেকটা জীবনের মতোই, দ্বিতীয় সুযোগ দেয় তাদের, যারা হাল ছাড়ে না। মেসিও হাল ছাড়েননি। তার প্রত্যাবর্তনের পর আর্জেন্টিনা জেতে দুটি কোপা আমেরিকা, একটি ফিনালিসিমা এবং সর্বোপরি বিশ্বকাপ। একসময় যে মানুষটি জাতীয় দলের হয়ে ব্যর্থতার প্রতীক হয়ে উঠছিলেন, তিনি পরিণত হন আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে গৌরবময় যুগের কেন্দ্রীয় চরিত্রে।
আজকের মেসি আর দশ বছর আগের সেই ক্লান্ত, হতাশ মেসি নন।
এখন তিনি সুখী। জাতীয় দলের পরিবেশে স্বচ্ছন্দ। তার পাশে রয়েছেন রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, লিসান্দ্রো মার্তিনেসদের মতো বিশ্বস্ত সতীর্থরা। আর কোচ লিওনেল স্কালোনি এমন একটি দল গড়েছেন, যেখানে মেসিকে সবকিছুর ভার একা বহন করতে হয় না। বরং পুরো কাঠামো তাকে রক্ষা করে, তার সেরাটা বের করে আনে এবং তার প্রতিভাকে আরও নিপুন করে তোলতে সহযোগিতা করে।
এই পরিবর্তন শুধু কৌশলগত নয়; মানসিকও।
একসময় যে মানুষটি আর্জেন্টিনার জার্সিকে যেন এক বোঝা হিসেবে অনুভব করতেন, আজ সেই জার্সিই তার সবচেয়ে বড় আনন্দের উৎস। দেশের হয়ে খেলা এখন আর তার জন্য চাপ নয়, বরং গর্বের বিষয়।
তাই মেটলাইফে ফেরাটা নিছক আরেকটি ম্যাচ নয়।
এটি এক পূর্ণ বৃত্তের গল্প।
এক দশক আগে এখানেই তিনি ভেঙে পড়েছিলেন। চোখে জল নিয়ে বিদায় বলতে চেয়েছিলেন আন্তর্জাতিক ফুটবলকে। আর আজ, একই মাঠে তিনি নামবেন বিশ্বকাপ ফাইনাল খেলতে। প্রতিপক্ষ স্পেন—একটি দল যার বিরুদ্ধে মেসির স্মৃতির ভাণ্ডারও কম সমৃদ্ধ নয়।
গত দশ বছরে অর্জন, সাফল্য এবং অবিস্মরণীয় মুহূর্তগুলো তার উত্তরাধিকারকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। তিনি আর শুধু বিশ্বের সেরা ফুটবলার নন; তিনি হয়ে উঠেছেন অধ্যবসায়, ধৈর্য এবং পুনরুত্থানের প্রতীক।
রবিবার মেটলাইফ স্টেডিয়ামে যখন তিনি মাঠে নামবেন, তখন সেটি হবে কেবল আরেকটি ফাইনাল নয়। এটি হবে স্মৃতি ও বর্তমানের মুখোমুখি দাঁড়ানো। ব্যর্থতা ও সাফল্যের সংলাপ। অশ্রু থেকে গৌরবে পৌঁছে যাওয়ার এক দীর্ঘ যাত্রার পরিণতি।
আর যদি শেষ পর্যন্ত তার হাতে ওঠে আরেকটি বিশ্বকাপ ট্রফি, তবে সেটি শুধু একটি শিরোপা হবে না। সেটি হবে ফুটবল ইতিহাসের অন্যতম পরিপূর্ণতার কাহিনি—একটি ক্ষত সম্পূর্ণ সেরে ওঠার গল্প, যা এখনও লক্ষ কোটি সমর্থকের স্মৃতিতে জীবন্ত হয়ে আছে।
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









