কুয়েতের হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকায় ঝুঁকিপূর্ণ ও মেয়াদোত্তীর্ণ ভবন থেকে প্রবাসীদের উচ্ছেদের ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের আবাসনের বৈধ কাগজপত্র হালনাগাদ রাখা এবং চলাচলের সময় সিভিল আইডি বা বৈধ পরিচয়পত্র সবসময় সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে।
সম্প্রতি বড় ধরনের দুর্ঘটনা এড়াতে কুয়েতের সরকারি কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ ভবনগুলো থেকে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের সরিয়ে নেয়। পরে উচ্ছেদ হওয়া প্রবাসীদের জন্য হাসাবিয়া এলাকার একটি সরকারি বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করে কুয়েত সরকার। সেখানে খাদ্য, পানীয় ও শীতাতপ নিয়ন্ত্রণের সুবিধা রাখা হয়েছে।
আশ্রয়কেন্দ্রে থাকা বাংলাদেশি নাগরিকদের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছে বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধি দল। এ সময় তারা কুয়েতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রবাসীদের খোঁজখবর নেন।
দূতাবাসের কাউন্সিলর ও মিশন প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান এবং শ্রম কল্যাণ শাখার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর শোয়াইব-উল-ইসলাম তরফদারের নেতৃত্বে প্রতিনিধি দলটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে।
কুয়েতি কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ বিদেশি নাগরিকদের শনাক্ত করে ফেরত পাঠানো এবং ঝুঁকিপূর্ণ ভবন খালি করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে দেশটির অন্যান্য এলাকাতেও এ ধরনের অভিযান চলতে পারে।
কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাচাই-বাছাই শেষে বৈধ কাগজপত্র থাকা প্রবাসীদের আশ্রয়কেন্দ্র ছাড়ার অনুমতি দেওয়া হচ্ছে। তবে অবৈধ প্রবাসীদের নির্বাসন কেন্দ্রের মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানো হবে।
দূতাবাস জানিয়েছে, চলমান অভিযানের কারণে কোনো ধরনের সমস্যায় পড়া এড়াতে বাংলাদেশি প্রবাসীদের আবাসনের বৈধতা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখা জরুরি। একই সঙ্গে বাইরে চলাচলের সময় সবার সঙ্গে নিজস্ব সিভিল আইডি বা বৈধ পরিচয়পত্র রাখার আহ্বান জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









