গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্রে জানিয়েছেন, একটি বিরল রোগসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। এসব অসুস্থতার কারণে মাঝে মাঝে ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন এবং রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না।
শুক্রবার (২৪ জুলাই) সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন জানান, ২০২৩ সালের ২৪ এপ্রিল তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সৃষ্ট সাংবিধানিক সংকট মোকাবিলায় সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নেন।
নিজের শারীরিক অবস্থার বর্ণনায় তিনি বলেন, দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও করা হয়েছে।
এ ছাড়া সম্প্রতি তার শরীরে অটোনমিক নিউরোপ্যাথি (Autonomic Neuropathy) নামের একটি বিরল রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে জ্ঞান হারান বা ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, গুরুতর শারীরিক অসুস্থতা ও দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনীয়তার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব নয়।
চিঠির শেষে স্পিকারের প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা উল্লেখ করেন বিদায়ী রাষ্ট্রপতি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









