পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রবিবার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন ত্যাগ করে রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন ‘গ্রিন ভিলা’র উদ্দেশে রওনা হন।
এর আগে, গত ২৪ জুলাই তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও তিনি প্রায় তিন বছর তিন মাস দায়িত্ব পালন করেন।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেন। পদত্যাগের মাধ্যমে তার রাষ্ট্রপতির দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
রবিবার বঙ্গভবন ত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্রপতির সরকারি বাসভবনে তার অবস্থানেরও ইতি ঘটে।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ছিলেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৪ জুলাই পদত্যাগ করেন। তার পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









