জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদ পার্টির পক্ষ থেকে এ অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করে অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান জানান, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে তদন্তের আবেদন করা হয়েছে।
অভিযোগে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও মো. সাহাবুদ্দিন কোনো কার্যকর ভূমিকা রাখেননি। আয়নাঘর, গুম-খুনসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে তিনি প্রতিবাদ করেননি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে বাংলাদেশ আজাদ পার্টি জানায়, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, গুম-খুনসহ বিভিন্ন ঘটনার সময় আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপ্রধান ছিলেন। ‘সুপিরিয়র রিসপনসিবিলিটি’ নীতির আওতায় তৎকালীন রাষ্ট্রপ্রধানদের দায় রয়েছে বলেও দাবি করে দলটি।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতার অভিযোগ এনে রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকেও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এসব অভিযোগের বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









