ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের বিষয়েও প্রস্তুতি চলছে।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া এবং সরকারের সার্বিক প্রস্তুতি আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় জানানো হয়, ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবীর ডাটাবেজ প্রস্তুত করা হয়েছে। খুব শিগগিরই আরও ৩০ হাজার স্বেচ্ছাসেবী অন্তর্ভুক্ত করে ১ লাখের লক্ষ্য পূরণ করা হবে।
এ ছাড়া ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠন, জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্ভাব্য দুর্যোগের সময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার বিষয়েও মতবিনিময় হয়। পাশাপাশি ঢাকা শহরে হিউম্যানিটারিয়ান স্ট্যাগিং এরিয়া (এইচএসএ) স্থাপনের পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম. এ. মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









