বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বিমান খাতে যেকোনো ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। বিশেষ করে টিকিট সিন্ডিকেট দমনে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
সোমবার (৩ আগস্ট) দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট শেজডন হি। এ সময় মন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকে আইএটিএর আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়নে সংস্থাটি সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।
এছাড়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আওতাধীন বাংলাদেশ এয়ারলাইন্স টেকনিক্যাল সেন্টার (বিএটিসি)-কে আন্তর্জাতিক মানের আধুনিক প্রতিষ্ঠানে উন্নীত করতে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহও প্রকাশ করে আইএটিএ।
আফরোজা খানম বলেন, টিকিট সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারের নেওয়া উদ্যোগ আরও কার্যকর করতে আইএটিএর কারিগরি সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি পুনর্ব্যক্ত করেন, বিমান খাতে কোনো ধরনের সিন্ডিকেট বরদাশত করা হবে না।
এ সময় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, পরিবেশ সুরক্ষার লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশে কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে পৃথক ধারা যুক্ত করা হয়েছে। পাশাপাশি টেকসই এভিয়েশন ফুয়েল নিশ্চিত করতেও সরকার কাজ করছে।
তিনি আরও জানান, আকাশপথে অপরাধ দমনে মন্ট্রিল প্রোটোকল-২০১৪ গ্রহণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
বৈঠকে দেশের পর্যটন শিল্পের উন্নয়ন, আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণ এবং বিমান পরিবহন খাতের সক্ষমতা বৃদ্ধিতে সরকার ও আইএটিএর ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









