পাবনার ঈশ্বরদীতে বাসচাপায় আনোয়ার হোসেন (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন রাজশাহীর বাঘমারা উপজেলার তেবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া ব্র্যাক অফিসে প্রোগ্রামার পদে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে দাশুড়িয়া বাজার এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।
পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, সকালে মাঠপর্যায়ে কাজের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হন আনোয়ার হোসেন। তিনি পাবনার দিক থেকে ঈশ্বরদীর দিকে যাওয়ার সময় মুনশিদপুর এলাকায় পৌঁছালে একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়।
ধাক্কার পর তিনি বাসের নিচে চাপা পড়েন। বাসটি তাকে বেশ কিছু দূর টেনে নিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সহকর্মী ও স্বজনদের কাছে আনোয়ার হোসেন ছিলেন একজন দায়িত্বশীল ও পরিশ্রমী মানুষ। কর্মস্থলে যাওয়ার পথে এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









