বাংলাদেশের সঙ্গে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় বাংলাদেশি ৯৭ শতাংশ পণ্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া পাবে ৮৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা।
মঙ্গলবার (৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর শেষে বাণিজ্য মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিং করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু।
প্রেস ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকার গঠনের পাঁচ মাসের মাথায় দ্রুততম সময়ে আমরা বিশ্বের বৃহৎ অর্থনীতির একটি দেশের সঙ্গে এই চুক্তি করতে সক্ষম হয়েছি। দুই ট্রিলিয়ন অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়াকে বাণিজ্য অংশীদার হিসেবে পাওয়া বাংলাদেশের জন্য বড় অর্জন। এই চুক্তির ফলে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য এবং পাটজাত পণ্যসহ বিভিন্ন অগ্রাধিকার পণ্য শুল্কমুক্ত বা বিশেষ সুবিধায় রপ্তানি করা যাবে। বিপরীতে কোরিয়া থেকে কৃষিপণ্য, প্লাস্টিক এবং খুচরা যন্ত্রাংশ আমদানিতে সুবিধা পাওয়া যাবে।
তিনি আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি প্রয়োজন। এ জন্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতেই এ ধরনের বাণিজ্য চুক্তি করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু বলেন, বাংলাদেশের সঙ্গে কোরিয়ার ৫৬ বছরের দীর্ঘ অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। বিশ্ব এখন পণ্য বহুমুখীকরণের দিকে যাচ্ছে এবং আমাদের দুই দেশকেও এর সঙ্গে যুক্ত হতে হবে। এই চুক্তির ফলে কোরিয়ান কোম্পানিগুলো বাংলাদেশে আরও সুবিধাজনকভাবে বিনিয়োগ করতে আগ্রহী হবে এবং দুই দেশ প্রযুক্তি ও সাপ্লাই চেইনে একসঙ্গে কাজ করবে।
তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বর্তমান দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১ দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ থেকে কোরিয়ায় রপ্তানি হয় প্রায় ৪৯১ দশমিক ৭৩ মিলিয়ন ডলার এবং কোরিয়া থেকে আমদানি হয় প্রায় ৯০২ দশমিক ৯০ মিলিয়ন ডলার। কোরিয়ার বাজারে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক, হোম টেক্সটাইল, চামড়া ও জুতা, ওষুধ, পাটপণ্য এবং হিমায়িত খাদ্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









