ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের নাম সংবলিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে সংসদ সচিবালয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সংসদ সচিবালয় থেকে তালিকাটি ইসিতে এসে পৌঁছায়।
ইসি সচিব আখতার আহমেদ তথ্যটি নিশ্চিত করে জানান, "রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা আজ নির্বাচন কমিশন পেয়েছে। সংসদ থেকে পাঠানো এ তালিকা নিয়ে কমিশনে আলোচনা ও আনুষ্ঠানিকতা সারার প্রক্রিয়া চলছে।"
প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে সংসদ সদস্যদের এই খসড়া ভোটার তালিকা প্রস্তুত করা হয়। আজ দুপুর ২টায় এ বিষয়ে ইসি বিস্তারিত ব্রিফিং করবে বলে জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই পদত্যাগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সাংবিধানিক বিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আর জাতীয় সংসদে স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে (আগামী ২২ অক্টোবরের মধ্যে) নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। এই লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ইতোমধ্যে ভারপ্রাপ্ত স্পিকারের সাথে প্রাথমিক বৈঠক সম্পন্ন করেছেন। ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’ অনুযায়ী ইসি অতিশীঘ্রই নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









