আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিজেই নেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) সভাপতির দায়িত্ব পালন করছে। ব্রিকস একটি বহুপাক্ষিক সংস্থা হওয়ায় বাংলাদেশ এতে অংশ নিতে আগ্রহী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সম্মেলনে অংশ নেবেন কি না, তা তার সময়সূচি, ব্যস্ততা এবং সামগ্রিক বিবেচনার ওপর নির্ভর করবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিজেই নেবেন।
ভারতের পক্ষ থেকে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, আমন্ত্রণ রয়েছে। এ বিষয়ে আরও অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি।
আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে ওই আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশ সম্মেলনে যোগ দেবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









