ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান। তিনি মেয়রের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক এর উপধারার (১) অনুবৃত্তিক্রমে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগ করা প্রশাসক সুরাইয়া আখতার জাহান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি কেবল ‘দায়িত্ব ভাতা’ পাবেন। এ ছাড়া অন্য কোনো আর্থিক বা অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন না।
২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ পান মোহাম্মদ এজাজ। তিনি এক বছরের জন্য এ পদে নিয়োগ পেয়েছিলেন।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, তার মেয়াদ নতুন করে আর বাড়ানো হচ্ছে না। সে জন্যই এ পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









