২০১৫ সালে বিএনপি নেতা ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে র্যাবের টিএফআই সেলে আটকে রেখে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ তৎকালীন র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততার তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, শেখ হাসিনার নির্দেশেই তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল। গুমের পর তাকে ভারতে পাচারের ঘটনায় কারা জড়িত ছিল, সে বিষয়েও তদন্ত চলছে।
শনিবার (৮ আগস্ট) এ সব তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
তিনি বলেন, তদন্ত দ্রুত শেষ করে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে।
চিফ প্রসিকিউটর জানান, সালাহউদ্দিন আহমদকে গুমের পর ভারতে পাচারের সঙ্গে জড়িতদের বিষয়েও তথ্য সংগ্রহ ও যাচাই করা হচ্ছে। ইতোমধ্যে তদন্ত কর্মকর্তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে মৌখিক জবানবন্দি নিয়েছেন। শিগগিরই তার আনুষ্ঠানিক জবানবন্দি গ্রহণ করা হবে।
এদিকে তদন্ত সংস্থার কাছে দেওয়া গুমের শিকার ছাত্রদল নেতা ও আইনজীবী সোহেলের জবানবন্দিতেও সালাহউদ্দিন আহমদকে টিএফআই সেলে গুম করে রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা।
তদন্তে পাওয়া এ সব তথ্য ও সাক্ষ্য-প্রমাণ যাচাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









