কারিগরি ত্রুটিতে রোমে প্রায় ৪০ ঘণ্টা আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি অবশেষে ঢাকায় ফিরেছে।
রবিবার (৯ আগস্ট) দুপুর ১২টা ২৪ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার কানাডার টরন্টো থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০৬ ফ্লাইটটি ২৫৯ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। শুক্রবার রোম বিমানবন্দরে জ্বালানি নেওয়ার জন্য যাত্রাবিরতি করলে উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে।
দীর্ঘ আট ঘণ্টা চেষ্টা করেও ত্রুটি মেরামত করা সম্ভব না হওয়ায় ফ্লাইটটি বাতিল করা হয় এবং যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে নেওয়া হয়। পরে বিমান কর্তৃপক্ষ যাত্রীদের হোটেল ও বিমানবন্দরের লাউঞ্জে অবস্থানের ব্যবস্থা করে।
এরপর প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম নিয়ে প্রকৌশলীদের একটি দল শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ১১টার দিকে ফ্লাইটে করে রোমে পৌঁছায়। প্রকৌশলীরা মেরামতের কাজ শেষে উড়োজাহাজটিকে পুনরায় উড্ডয়নের উপযোগী করে তোলেন।
তবে দীর্ঘ সময় বিমানটি বিকল হয়ে পড়ে থাকা এবং অনেক যাত্রীকে ইতালির অভিবাসন কর্তৃপক্ষ ভিসাজনিত কারণে বিমানবন্দরের বাইরে যেতে না দেওয়ায় তাদের নানা দুর্ভোগ পোহাতে হয়।
যাত্রীদের অভিযোগ, রোমে অবতরণের পর উড়োজাহাজে ত্রুটি ধরা পড়ার কথা জানিয়ে প্রায় আট ঘণ্টা তাদের বিমানটির ভেতরেই অপেক্ষা করানো হয়। এতে শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের অনেকে অসুস্থ হয়ে পড়েন।
পরে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে বিমানবন্দরের ভেতরে নেওয়া হয়। রাত ১১টার দিকে একটি লাউঞ্জের ব্যবস্থা করা হলেও সেখানে সবার জায়গা হয়নি। ফলে কয়েকজনকে মেঝে ও চেয়ারে রাত কাটাতে হয়েছে বলে জানান যাত্রীরা।
বাংলাদেশি পাসপোর্টধারীদের ইতালিতে প্রবেশের অনুমতি না থাকায় তাদের বিমানবন্দরের বাইরে নিয়ে হোটেলে রাখার ব্যবস্থা করা সম্ভব হয়নি।
যাত্রীদের আরও অভিযোগ, দীর্ঘ অপেক্ষার মধ্যে খাবার পেতেও দেরি হয়েছে। অনেকের লাগেজে প্রয়োজনীয় ওষুধ ও ইনসুলিন থাকায় সেগুলোও সময়মতো ব্যবহার করতে পারেননি বলে অভিযোগ করেছেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









