বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কতাকে অনুমাননির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, এমন তথ্যের ভিত্তিতে আপাতত কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখছে না সরকার।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে যে সতর্কতা দেওয়া হয়েছে, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এখনো প্রতিবেদনটি পড়েননি। তবে গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিবেদনে উল্লেখ করা বিষয়টি অনুমাননির্ভর বলে মনে করছেন তিনি।
মন্ত্রী বলেন, জাতিসংঘের প্রতিবেদনে হয়তো কিছু পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। তবে তিনি নিজে প্রতিবেদনটি না দেখে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চান না।
তিনি আরও বলেন, কোনো প্রতিবেদন বা পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়টি যাচাই করে দেখা প্রয়োজন। বিশেষ করে জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অনুমানের ওপর ভিত্তি করে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।
এদিকে সভায় ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এ সময় প্রতিবেদনের বিভিন্ন সুপারিশ নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









