সাতক্ষীরার কালিগঞ্জে মায়ের সঙ্গে রাগ করে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় মো. রাশিদুল ইসলাম নামে (১০) এক শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) ভোরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত রাশিদুল ইসলাম উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে।
পরিবারের বরাত দিয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, গত ১৫ আগস্ট নিজ বাড়িতে মায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে রাশিদুল গলায় ফাঁস দেয়। বিষয়টি তার মা ফজিলা খাতুন দেখতে পেয়ে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
তিনি জানান, সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে রাশিদুলকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।
বর্তমানে শিশুটির মরদেহ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর নিজ বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে।
এদিকে, শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









