উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার।
সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রথম প্রজ্ঞাপনে ২৬২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লেখ করা কর্মস্থলের পরিবর্তন হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বর্তমানে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে। পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্ন ধরনের তথ্য পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী এ আদেশ সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে সরাসরি অথবা অনলাইনে ই-মেইলের মাধ্যমে জমা দিতে পারবেন।
দ্বিতীয় প্রজ্ঞাপনে বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস ও মিশনে কর্মরত ১৫ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৪ সালের ২৪ মার্চের আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় কর্মকর্তার প্রেষণ পদের বেতন স্কেল উন্নীত করে আদেশ জারি করবে। এরপর পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা উন্নীত পদে যোগদান করে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাবেন।
উন্নীত পদে যোগদানের তারিখ থেকেই সংশ্লিষ্ট কর্মকর্তা ওই পদের বেতন-ভাতা পাবেন। তবে বৈদেশিক ভাতা ও এন্টারটেইনমেন্ট অ্যালাওয়েন্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস বা মিশনে মূল পদের জন্য নির্ধারিত হার প্রযোজ্য হবে।
কর্মকর্তার বদলি বা অন্য কোনো কারণে পদটি শূন্য হওয়ার আগ পর্যন্ত উন্নীত বেতন স্কেল বহাল থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









