মন্ত্রিপরিষদ সচিব ড. মো. নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার।
সোমবার (১৭ আগস্ট) দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগের দিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী ড. মো. নাসিমুল গনিকে ১৮ আগস্ট থেকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব পদে পুনঃচুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের ক্ষেত্রে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক না রাখার শর্ত দেওয়া হয়েছে।
একইভাবে মো. এহছানুল হকের চুক্তির মেয়াদও ১৮ আগস্ট থেকে আরও এক বছর বাড়ানো হয়েছে। তিনিও একই শর্তে পুনঃচুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।
সরকারে পটপরিবর্তনের পর ২০২৪ সালের ১৭ আগস্ট অবসরপ্রাপ্ত পাঁচ অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে দুই বছরের চুক্তিতে সচিব হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। তাদের মধ্যে ছিলেন নাসিমুল গনি ও এহছানুল হক।
নাসিমুল গনিকে প্রথমে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে এবং এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
পরে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর নাসিমুল গনিকে সিনিয়র সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়।
বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নাসিমুল গনিকে ২০০৯ সালে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। প্রায় চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়।
অন্যদিকে গত বছরের ১২ অক্টোবর এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









