সব ধরনের সমস্যার মোকাবিলা করা হবে এবং গণতন্ত্রের ‘ট্রেন’ ঠিকভাবে গন্তব্যে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্র ভোট দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, দেশের গ্রামাঞ্চলে উৎসবের পরিবেশে ভোটগ্রহণ চলছে। নির্বাচনী কেন্দ্রে সাধারণ মানুষ আনন্দ ও উদ্দীপনার সঙ্গে ভোট দিয়ে যাচ্ছেন। প্রশাসন ও সাধারণ নাগরিকদের সহযোগিতায় সারাদেশে নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে।
তিনি বলেন, আপনারাই বলবেন নির্বাচন কেমন হচ্ছে। আমরা কারও পক্ষে নাই। আমরা নিরপেক্ষ। সিইসি আরও দৃঢ়ভাবে বলেন, দেশে আর কোনও পাতানো নির্বাচন হবে না। কেন্দ্র দখল কিংবা ভোটের বাক্স দখলের মতো বিষয় এ দেশে আর হবে না। এটা অতীতের অংশ আমাদের এসব ভুলে যেতে হবে।
নির্বাচন কমিশন বলেন, সব ধরনের সমস্যার মোকাবিলা করা হবে এবং গণতন্ত্রের ‘ট্রেন’ ঠিকভাবে গন্তব্যে পৌঁছাবে, ইনশাআল্লাহ। আমরা যে ওয়াদা দিয়েছিলাম—সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার—তার প্রতি আমাদের অঙ্গীকার রয়েছে। কমিশন কারও পক্ষপাতী নয়। দেশে কোনও পাতানো নির্বাচন হবে না। আমরা অতীতের কেন্দ্র দখল ও পাতানো নির্বাচনের ইতিহাস ভুলিয়ে দিতে চাই।
এএমএম নাসির উদ্দিন বলেন, সবার সহযোগিতায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে চায় নির্বাচন কমিশন।
নির্বাচন সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, আমি সবাইকে বলে দিয়েছি, আপনারা কারও পক্ষে নিতে পারবেন না। নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করছেন বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।
টিআর


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









