সরকার তিন সচিব পদে রদবদল করেছে।
শুক্রবার (২১ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এ পরিবর্তনের কথা জানানো হয়।
এর মধ্যে মাত্র ১১ দিন আগে কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সচিব পদে বদলি হওয়া রফিকুল আই মোহাম্মদকে আবারও বদলি করা হয়েছে। চুক্তিভিত্তিতে নিয়োজিত এই কর্মকর্তাকে এবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাৎ শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে গত ১০ আগস্ট কৃষি মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদে পরিবর্তন আনা হয়েছিল। সেদিন চুক্তিভিত্তিতে নিয়োজিত কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল আই মোহাম্মদকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব (চুক্তিভিত্তিক) করা হয়।
একই দিনে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে ওই মন্ত্রণালয়ের সচিব করা হয়েছিল।
এ ছাড়া পৃথক আরেকটি প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের তৎকালীন সচিব খান মো. নূরুল আমীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









