নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করাই হবে তার প্রথম কাজ।
রবিবার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে মন্ত্রণালয় ও অধস্তন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এর আগে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে নতুন মন্ত্রীকে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।
মন্ত্রী বলেন, রদবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া। নতুন নেতৃত্বে একটি টিম গঠন করে মন্ত্রণালয়ের কার্যক্রম এগিয়ে নিতে হবে। কাজের সুবিধার্থে প্রতি পাঁচ কর্মদিবসের মধ্যে একদিন সিভিল এভিয়েশন অথবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ে কাজ করার পরিকল্পনার কথাও জানান তিনি।
কর্মকর্তাদের উদ্দেশে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ভালো কাজের জন্য যেমন পুরস্কারের ব্যবস্থা রয়েছে, তেমনি দায়িত্বে অবহেলা বা খারাপ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থাও রয়েছে। মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করতে প্রচলিত আমলাতান্ত্রিক পদ্ধতির বাইরে গিয়ে কাজ করতে হবে। উদ্ভাবনী পরিকল্পনা গ্রহণ করে এগিয়ে যাওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
ঈশ্বরদী বিমানবন্দর প্রসঙ্গে মন্ত্রী বলেন, পাবনায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য তেজস্ক্রিয় সামগ্রী পরিবহণের সুবিধার্থে শিগগিরই ফ্লাইট চালুর বিষয়টি ভাবা হচ্ছে।
এদিকে যশোর বিমানবন্দরে কমার্শিয়াল ফ্লাইটের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সেখানে ফ্লাইট পরিচালনার জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, বগুড়া বিমানবন্দর নির্মাণের লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডি চলছে। পাশাপাশি আগামী অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









