দেশের জরুরি গ্যাসের চাহিদা মেটাতে টোটাল এনার্জিস থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৮ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।
বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সিসিইএর সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত প্রতি মাসে দুই কার্গো করে এলএনজি আমদানি করবে বাংলাদেশ। এ হিসাবে নির্ধারিত সময়ে মোট ১৮ কার্গো এলএনজি দেশে আনার পরিকল্পনা রয়েছে।
চুক্তিতে প্রয়োজন হলে উভয় পক্ষের পারস্পরিক সম্মতির ভিত্তিতে অতিরিক্ত এলএনজি কার্গো কেনার সুযোগও রাখা হবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত প্রস্তাবটি সিসিইএর সভায় উপস্থাপন করে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে তৈরি হওয়া অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতি এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে জরুরি ভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি আমদানির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









