বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট হবে না—এমনটা হতে পারে না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। একই সঙ্গে বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি ও ঋণখেলাপির ক্ষেত্রেও অতীতের চিত্রের পুনরাবৃত্তি হবে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে একটি বিলের ওপর বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রুমিন ফারহানা। তার বক্তব্যের সময় সংসদে হট্টগোল শুরু হলেও তিনি বক্তব্য চালিয়ে যান।
রুমিন ফারহানা বলেন, ‘‘প্রত্যেকটা সরকারের একটা চরিত্র থাকে। বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না। বিএনপি ক্ষমতায় আসবে আবার সারের সংকট হবে না, এটাও হতে পারে না। বিএনপি ক্ষমতায় আছে, সার কারখানা লুট করবেন না, সেটাও হতে পারে না।’’
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না—সেটিও অসম্ভব নয়। তার ভাষায়, বিএনপি ক্ষমতায় আসবে আর বাংলাদেশ প্রথমবারের মতো ঋণখেলাপিতে সর্বোচ্চ স্থান অর্জন করবে না, এটাও হতে পারে না।
ঋণখেলাপির প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, বিএনপি ক্ষমতায় আসা মানেই ঋণখেলাপিতে সর্বোচ্চ হওয়া এবং ৬ লাখ ৬ হাজার কোটি টাকার বেশি ঋণখেলাপি হওয়ার মতো বিষয় সামনে আসা।
সংসদে হট্টগোলের প্রসঙ্গে তিনি বলেন, ‘এত অসহিষ্ণু সংসদ! মনে হয় যেন একেবারে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি আমরা। আওয়ামী লীগকে যখন বলতাম, তখন তারাও হট্টগোল করতো। এখন বিএনপি একই ধরনের আচরণ করছে, আরও খারাপ আচরণ বরং বলি।’
রুমিন ফারহানা দাবি করেন, এই সংসদের বেশিরভাগ সংসদ সদস্য ঋণখেলাপি হিসেবে পরিচিত। নির্বাচনের আগে ঋণখেলাপির তালিকা থেকে নাম কাটানোর প্রসঙ্গ তুলে তিনি বলেন, নির্বাচনের আগে নাম কাটানোর জন্য হাইকোর্টে রিট করা ‘পুরোনো সংস্কৃতি’।
তিনি বলেন, নির্বাচনের আগে দ্রুত ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়, আর নির্বাচন শেষ হওয়ার পর আবার পরিস্থিতি আগের জায়গায় ফিরে যায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









