জাতীয় সংসদের অধিবেশন চলাকালে অতিরিক্ত কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের সংসদবিষয়ক কার্যাবলি পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) আবদুল মঈন খান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন রাষ্ট্রপতির কার্যালয় ও প্রধানমন্ত্রীর দায়িত্বাধীন মন্ত্রণালয়-বিভাগসহ যেসব মন্ত্রণালয় বা বিভাগে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগপ্রাপ্ত নেই, সেসব মন্ত্রণালয় ও বিভাগের সংসদবিষয়ক কার্যাবলি নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা পরিচালনা করবেন।
এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী অনুপস্থিত থাকলে এসব দায়িত্ব পালন করবেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
অন্যদিকে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানকে রাষ্ট্রপতির কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
আবদুল মঈন খান অনুপস্থিত থাকলে এসব দায়িত্ব পালন করবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সংসদবিষয়ক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেই এ দায়িত্ব কার্যকর থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









