ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ও দলীয় প্রাপ্ত ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে বিএনপি ধানের শীষ প্রতীকে ২৯০ আসনে প্রার্থী দিয়ে পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ইসি থেকে নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের হার সাংবাদিকদের জানানো হয়েছে।
এছাড়াও, জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় দল হিসেবে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। তাদের প্রার্থী ছিল ২২৭টি আসনে। ভোটের হারে তৃতীয় অবস্থানে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩২ আসনে প্রার্থী দিয়ে পেয়েছে ৩ দশমিক শূন্য ৫ শতাংশ ভোট। এনসিপি জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যে যুক্ত হয়ে নির্বাচন করেছে।
জাতীয় পার্টি (জাপা) ১৯৯ আসনে প্রার্থী দিয়ে লাঙ্গল প্রতীকে পেয়েছে শূন্য দশমিক ৮৯ শতাংশ ভোট।
এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল। চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৭ আসনে প্রার্থী দিয়ে হাতপাখা প্রতীকে তাদের প্রাপ্ত ভোটের হার ২ দশমিক ৭০ শতাংশ।
১১-দলীয় ঐক্যে থাকা বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে ৩৪টি আসনে প্রার্থী দিয়েছিল। তাদের প্রাপ্ত ভোটের হার ২ দশমিক শূন্য ৯ শতাংশ।
এছাড়াও, অন্য দলগুলোর প্রাপ্ত ভোটের হার ১ শতাংশের নিচে। এসব দলের মধ্যে আছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, বাসদ, বাসদ (মার্ক্সবাদী), গণফোরাম ও নাগরিক ঐক্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









