বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে থেকে কারিগরি ত্রুটির কারণে ইউনিটটি পুরোপুরি বন্ধ হয়ে যায়।
তবে কেন্দ্রটির প্রথম ইউনিট স্বাভাবিকভাবে চালু রয়েছে এবং সেখান থেকে জাতীয় গ্রিডে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, দ্বিতীয় ইউনিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে। ইউনিটটি পুনরায় চালু করতে অন্তত চার দিন সময় লাগতে পারে। এ জন্য প্রয়োজনীয় কাজ চলছে।
তবে ঠিক কী ধরনের কারিগরি ত্রুটি হয়েছে, তা নির্দিষ্ট করে জানাতে পারেননি এই কর্মকর্তা।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু হয় ২০২২ সালের ২৩ ডিসেম্বর। এর প্রায় এক বছর পর ২০২৩ সালের ২৪ অক্টোবর দ্বিতীয় ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়।
পরবর্তীতে ২০২৪ সালের ১২ মার্চ দ্বিতীয় ইউনিটটি আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক উৎপাদনে যায়। তবে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর থেকে কারিগরি ত্রুটি ও বিভিন্ন কারণে ইউনিটটির ৩০ বারের বেশি উৎপাদন বন্ধ হওয়ার খবর পাওয়া গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









