চলতি সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৭ হাজার ৫৫২ কোটি ১০ হাজার টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এ হিসাব করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার (১৩ সেপ্টেম্বর) একদিনেই দেশে ২ হাজার ৩৭৩ কোটি ৯০ লাখ টাকা সমপরিমাণ প্রবাসী আয় এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৩০ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ।
এদিকে চলতি অর্থবছরের শুরু থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭২৫ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ৬২০ কোটি ৬০ লাখ ডলার।
এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৬ দশমিক ৯০ শতাংশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









