জাতীয় স্বার্থ ও দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টি গুরুত্ব দিয়েই যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, “সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে তাকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কঠোরভাবে দমন করা হবে এবং আইন নিজস্ব গতিতে চলবে।”
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মাহদী আমিন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর তিনি এ বক্তব্য দেন।
মাহদী আমিন বলেন, “প্রধানমন্ত্রীর এবারের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সফল হয়েছে। জাতিসংঘে প্রধানমন্ত্রী বাংলাদেশের অবস্থান ও বক্তব্য দৃঢ়ভাবে তুলে ধরেছেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তাকে সাদরে গ্রহণ করেছেন।”
এদিকে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী জানান, নেতাকর্মীদের অতিরিক্ত ভিড় প্রধানমন্ত্রী পছন্দ করছেন না। তার মতে, এটি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের একটি দৃষ্টান্ত।
প্রেস উইংয়ের সদস্যরা জানান, পাঁচ দিনের সফরে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের স্বার্থ ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেছেন। ঐতিহাসিক ভাষণে দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের জন্য তার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে রবিবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ, স্থানীয় সরকারমন্ত্রীসহ সরকারের প্রতিনিধিদলের সদস্যরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









