রাজধানীর মিরপুরে রাড্ডা মেডিকেল সেন্টারে হামলার দুই দিন পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনিক কারণ দেখিয়ে তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
এর মধ্য দিয়ে গত এক মাসে ঢাকার বিভিন্ন থানার একাধিক ওসিকে প্রত্যাহার করা হলো। এসব ক্ষেত্রে কোথাও প্রশাসনিক কারণ উল্লেখ করা হলেও, কোনো কোনো ঘটনায় সংশ্লিষ্ট থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের দায়িত্ব পালনে ব্যর্থতা কিংবা কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়েও আলোচনা হয়েছে।
শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহারের মাত্র দুই দিন আগে তার থানার আওতাধীন মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এ ঘটনায় গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের তথ্য গণমাধ্যমকে জানিয়েছিলেন জাহাঙ্গীর আলম নিজেই।
তবে রাড্ডা মেডিকেল সেন্টারে হামলার ঘটনার সঙ্গে ওসির প্রত্যাহারের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে ডিএমপির আদেশে কিছু বলা হয়নি। প্রত্যাহারের কারণ হিসেবে আদেশে শুধু ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









