ব্লু ইকোনমির উন্নয়নে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, দেশের নৌ খাতে বিপুল সম্ভাবনা থাকলেও দীর্ঘদিন তা যথাযথভাবে কাজে লাগানো হয়নি। এ খাতের উন্নয়নে বন্দর আধুনিকায়ন, স্বয়ংক্রিয়করণ এবং প্রশাসনিক কার্যক্রমে ডিজিটালাইজেশন বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব নৌ দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
শেখ রবিউল আলম বলেন, দেশের প্রধান দুই সমুদ্রবন্দর চট্টগ্রাম ও মোংলায় কার্গো পরিবহনের পরিমাণ দ্রুত বাড়ছে। তবে নৌ খাতে ঘোষিত অঙ্গীকার ও বাস্তবায়নের মধ্যে যে ব্যবধান রয়েছে, তা দূর করতে হবে।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মেসবাহ-উল-আজিম বলেন, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে ব্লু ইকোনমির সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব হবে না। এ জন্য সমুদ্রসীমার নিরাপত্তা জোরদার, তথ্য বিনিময় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
এদিকে, অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও নিরাপদ, পরিবেশবান্ধব ও বিশ্বমানের সামুদ্রিক বাংলাদেশ গড়ে তুলতে নীতি ও অঙ্গীকারের কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









