রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এক সংসদ সদস্যসহ দলের কিছু নেতাকর্মীর নাম শোনা যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তারা জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, রাজনৈতিক একটি মহল নিজেদের স্বার্থে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
আমিনুল হক বলেন, ঘটনায় দলের কিছু নেতাকর্মী ও একজন সংসদ সদস্যের নাম শোনা যাচ্ছে। তারা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কেন্দ্রটি সংস্কার করে দ্রুত চালু করার আশ্বাস দেন তিনি।
গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত ২৫০ জনের বেশি দুর্বৃত্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ রয়েছে। হামলায় আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে এবং কেন্দ্রটির দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষ বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেছে। মামলায় হানিফ মিয়া নামে একজনের নাম উল্লেখ করা হয়েছে; অজ্ঞাতপরিচয় আরও প্রায় ২৫০ জনকে আসামি করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









