রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও সংলগ্ন এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হকারদের রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ক্ষুব্ধ হকার ও ব্যবসায়ীরা সিটি করপোরেশনের একাধিক ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং একটি ভেকু ও পুলিশের গাড়িতে ভাঙচুর চালান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে এই আকস্মিক সংঘর্ষ ও উত্তেজনার সৃষ্টি হয়। মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রাথমিক তথ্যে জানা যায়, মিরপুর-১০ এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছিল সিটি করপোরেশন। অভিযানকালে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে একটি স্থানে আগুন লেগে যায়—এমন খবর ছড়িয়ে পড়ার পরই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযানের প্রতিবাদে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে চড়াও হন।
উত্তেজিত জনতা এ সময় ভাঙচুর চালায় এবং সিটি করপোরেশনের ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি একটি ভেকু (খননযন্ত্র) ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে এবং এই প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









