মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল সরবরাহ কিছুটা স্বাভাবিক হতে শুরু করায় বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমেছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার সম্ভাবনা সরাসরি নাকচ করে দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টা নাগাদ আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেল ফিউচার প্রাইস ১.১৪ ডলার বা ১.১১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১০৩.৭৩ ডলারে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৩৪ সেন্ট বা ০.৩৮ শতাংশ বেড়ে পৌঁছেছে ৮৯.৭২ ডলারে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, চলতি সেপ্টেম্বর মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ বৃদ্ধির পথে রয়েছে, যা গত জুলাই মাসের পর সর্বোচ্চ বৃদ্ধি। অন্যদিকে, মে মাসের পর প্রথমবারের মতো ১০৬ ডলারের মাইলফলক অতিক্রম করা ডব্লিউটিআই ক্রুডের দামও এই মাসে প্রায় ৪ শতাংশ বাড়ার পথে রয়েছে।
জ্বালানি বিশ্লেষক সংস্থা কেপলারের তথ্যমতে, গত ২৪ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত হওয়া দৈনিক তেল পরিবহনের পরিমাণে বড় তারতম্য দেখা গেছে। এই দিনগুলোতে প্রতিদিন গড়ে ৬৫ লাখ থেকে ১ কোটি ২৬ লাখ ব্যারেল পর্যন্ত তেল সরবরাহ হয়েছে। এর আগে কেপলারের গত সোমবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো থেকে অপরিশোধিত তেল রপ্তানি বেড়ে দৈনিক ১ কোটি ৬৩ লাখ ২৮ হাজার ব্যারেলে দাঁড়িয়েছে। গত ফেব্রুয়ারির শেষে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এটিই ছিল সর্বোচ্চ রপ্তানি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









