পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ শুক্রবার (২ অক্টোবর) দেশে আসছে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সবকিছু ঠিক থাকলে রাশিয়া থেকে বিশেষ কার্গো উড়োজাহাজে এই জ্বালানি দুপুরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এরপর আগামীকাল শনিবার (৩ অক্টোবর) কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিশেষ ব্যবস্থায় এই জ্বালানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে। প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবারই জ্বালানি দেশে পৌঁছানোর কথা থাকলেও শেষ মুহূর্তে ফ্লাইটটি বাতিল করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্পর্শকাতর এই পারমাণবিক জ্বালানি বহনকারী বিমানটি যেসব দেশের আকাশসীমা ব্যবহার করবে, সেসব দেশের আগাম অনুমতি নিতে হয়। পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় নির্ধারিত ফ্লাইট এক দিন পিছিয়ে শুক্রবার নতুন করে জ্বালানি পরিবহনের এই প্রস্তুতি নেওয়া হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানায়, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি কার্গোতে মোট ৯টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে পুরো জ্বালানি সরবরাহ শেষ করার কথা জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রোসাটম)।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









