ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই টানা দুটি ম্যাচ জিতেছে পর্তুগাল। প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জনের মধ্যেই জাতীয় দলের ক্যাম্প ছেড়েছেন রোনালদো। তবে এই ঘটনায় দলে কোনো বিভক্তি তৈরি হয়নি বলে জানিয়েছেন পর্তুগালের কোচ।
উয়েফা নেশনস লিগে বৃহস্পতিবার কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে ডেনমার্কের বিপক্ষে তৃতীয় রাউন্ডের ম্যাচে ৪-২ গোলে জিতেছে পর্তুগাল। ম্যাচ শেষে রোনালদোকে ঘিরে বিতর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি হন জেসুস। তিনি জানান, বর্তমান ইস্যুতে দলে কোনো বিভক্তি তৈরি হয়নি।
পর্তুগিজ সংবাদপত্র আ বোলা-য় প্রকাশিত মন্তব্য অনুযায়ী ম্যাচ শেষে জেসুস বলেন, ‘আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে জয়, স্বাভাবিকভাবেই। এটি আমাদের তৃতীয় ম্যাচ এবং আমার মনে হচ্ছে দল প্রতি ম্যাচেই উন্নতি করছে। আমরা ম্যাচগুলোর বিশ্লেষণের মাধ্যমে উন্নতি করি, যার ফলে পরবর্তী ম্যাচে রক্ষণ ও আক্রমণ উভয় ক্ষেত্রেই দল আরও ভালো পারফরম্যান্স উপহার দেয়।’
তিনি আরও বলেন, ‘এখানে ৪-২ ব্যবধানে জয় পাওয়া মোটেও সহজ নয়। ডেনমার্ক একটি বড় দল, যাদের সামলানো বেশ কঠিন। তাদের কারিগরি দক্ষতা চমৎকার এবং সেট পিসে তারা দারুণ শক্তিশালী। আর আমরা রক্ষণভাগে আবারও সেই দিকটিতে যথেষ্ট ভালো খেলেছি।’
খেলোয়াড়রা যেভাবে হাই-প্রেসিং সামলেছেন, তারও প্রশংসা করেছেন জেসুস। তিনি বলেন, ‘প্রেসিং আমার ভীষণ পছন্দ হয়েছে এবং রক্ষণে প্রেসিং করার ওপর দল যেভাবে আস্থা রেখেছে, সেটাও দারুণ। এই ধারায় ফুটবল খেলা বেশ জটিল।’
দল তার কথা মেনে চলছে কি না—এমন প্রশ্নের জবাবে খেলোয়াড়রা তার নিয়ন্ত্রণে রয়েছে, বিষয়টি অস্বীকার করেন জেসুস। বরং দলের তার প্রতি আস্থার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমার মুঠোয় কোনো দল নেই। আমার এমন একটি দল আছে, যারা কোচের ভাবনায় বিশ্বাস রাখে। তারা আমার ভাবনায় বিশ্বাসী, আর তাদের দারুণ ব্যক্তিগত দক্ষতা থাকায় বিষয়গুলো অনেক সহজ হয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘আর এর মানে যদি দাঁড়ায় যে দল আমার হাতের মুঠোয় আছে, তবে হ্যাঁ—তা আছে। কারণ তারা আমার এবং আমার ভাবনার সঙ্গে হাত মিলিয়ে পথ চলে।’
ডেনমার্ক ম্যাচের একদিন আগে রোনালদোর ক্যাম্প ছাড়ার প্রসঙ্গে প্রশ্ন উঠলে জেসুস বলেন, ‘পরবর্তী ম্যাচের পর আমরা দেখব কী হয়। ততক্ষণ পর্যন্ত আমি পরের ম্যাচ নিয়ে ভাবতে চাই, ঠিক যেভাবে আজকের ম্যাচ নিয়ে ছিলাম।’
রোনালদোকে ছাড়াই দল মাঠে নামায় ড্রেসিংরুমে এর প্রভাব পড়েছে কি না, এমন প্রশ্নের জবাবে পর্তুগিজ কোচ বলেন, ‘আমার জন্য মনোযোগ ধরে রাখা কঠিন নয়। আপনারা কি জানেন, আমার জন্য কোনটি কঠিন? ভেতরে কী চলছে সেটা না বোঝা, আমার খেলোয়াড়দের কীভাবে কোচিং করতে হয় সেটা না জানা। এটাই আমার জন্য কঠিন। আর বাকি সব শূন্য।’
দলের মধ্যে একতার গুরুত্ব তুলে ধরে জেসুস বলেন, ‘ব্যাপার হলো আমাদের কী করতে হবে। এই বিষয়গুলো কখনও দলে বিভক্তি তৈরি করেনি, করেনি এবং আমাদের বিভক্ত করবেও না।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









