রাজধানীর মিরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের একটি ভবনে লিফট ছিঁড়ে নিচে পড়ে তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে মিরপুর-১ নম্বরের পাইকপাড়া আনসার ক্যাম্পের পশ্চিম পাশে প্রকল্পটির ১ নম্বর ভবনে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) এবং তাঁর আট বছরের ছেলে মো. ওয়াসি। দুর্ঘটনায় আহত নাইস আহমেদের দুই পা ভেঙে গেছে বলে জানা গেছে।
ভবনটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ফজরের নামাজের পর ভবনের পঞ্চম তলার ওই তিনজন বাসিন্দা লিফটে ওঠেন। এর কিছুক্ষণ পরই বিকট শব্দে লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যায়। শব্দ শুনে ভবনের দারোয়ান ঘটনাস্থলে গিয়ে লিফটের ভেতর থেকে তাঁদের চিৎকার শুনতে পান। পরে আশপাশের লোকজনের সহায়তায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মেহেদী হাসান জানান, বিষয়টি তাঁরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন এবং খোঁজখবর নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









