দলের পরিচয় ব্যবহার করে কেউ অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর রায়সাহেব বাজারে এসএসসি পরীক্ষা-২০২৬-এর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রায়সাহেব বাজার পঞ্চায়েত কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
ইশরাক হোসেন বলেন, “দলের রাজনৈতিক নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হয়ে কেউ অপকর্ম করলে তাকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।”
তিনি বলেন, “সাধারণত যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, তাদের দলীয় পরিচয়ই অপকর্মের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কারণ সে সময় বিরোধী দলের পরিচয় ব্যবহার করার সুযোগ থাকে না। তার দলের পরিচয় ব্যবহার করে কিছু ব্যক্তি রাজনৈতিক নীতি-আদর্শ থেকে সরে ভিন্ন আদর্শে যাওয়ার চেষ্টা করছে।”
প্রতিমন্ত্রী বলেন, “গতকাল প্রধানমন্ত্রী ‘জিরো টলারেন্স’ বলতে কী বোঝায়, তা ২৪ ঘণ্টার মধ্যেই দেখিয়ে দিয়েছেন। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একজন সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হলে তিনি তা মেনে পদত্যাগ করেছেন।”
দলীয় পরিচয় ব্যবহার করে কেউ অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান ইশরাক। একই সঙ্গে যারা দলের পরিচয় ব্যবহার করে অপকর্ম করছেন, তাদের তালিকা করারও নির্দেশ দেন তিনি।
ঢাকা-৬ আসনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রসঙ্গে ইশরাক বলেন, “যারা সততা ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি করেন, তাদের ওপর তার আস্থা রয়েছে।”
সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে তিনি এসব বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, “জনগণ নিজেদের বিবেচনায় সরকারের কর্মকাণ্ড মূল্যায়ন করবেন—সরকার কী করছে এবং কী করতে চাচ্ছে, সেটিই তারা দেখবেন।”
এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে ইশরাক বলেন, “গ্যাস ও বিদ্যুতের সংকট ছিল। তবে এখন পরিস্থিতি ধীরে ধীরে কাটিয়ে ওঠা শুরু হয়েছে। দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে আগামী কয়েক বছরের মধ্যে লোডশেডিং বা কোনো ধরনের ঘাটতি না থাকে এবং পর্যাপ্ত মজুত নিশ্চিত করা যায়।”
এলাকার ছোট-বড় যেকোনো সমস্যা দ্রুত তাকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “সমস্যাগুলো তার কাছে জানালে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে ভালো ক্যারিয়ার গড়ার জন্য শুভকামনা জানান ইশরাক হোসেন।
এ সময় রায়সাহেব বাজার পঞ্চায়েত কমিটি এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









