যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। ভিসা সাক্ষাৎকারে অতীত বা বর্তমানের কোনো ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য গোপন না করে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার নির্দেশনা দিয়েছে দূতাবাস।
শনিবার (৩ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আবেদনকারীদের অতীতের ভিসা ও ইমিগ্রেশন আইন লঙ্ঘনের ইতিহাস সম্পর্কে কনস্যুলার কর্মকর্তারা অবগত থাকেন। তাই সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দেওয়া বা কোনো তথ্য গোপনের চেষ্টা না করতে বলা হয়েছে।

দূতাবাসের বার্তায় স্পষ্ট করে বলা হয়েছে, সাক্ষাৎকারে সত্য কথা বলতে হবে। মিথ্যা তথ্য দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।
মার্কিন ভিসার আবেদন করার সময় ফরম পূরণ বা সাক্ষাৎকারে আগের ভিসা প্রত্যাখ্যান, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা (ওভারস্টে) কিংবা অন্য কোনো ইমিগ্রেশন-সংক্রান্ত জটিলতার তথ্য গোপন করার প্রবণতা অনেক আবেদনকারীর মধ্যে দেখা যায়। তবে এসব তথ্য দূতাবাসের ডেটাবেজ ও যাচাই প্রক্রিয়ায় ধরা পড়তে পারে।
তথ্য গোপন বা মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ পাওয়া গেলে শুধু ভিসা বাতিলই নয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী বা দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারেন আবেদনকারীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









