স্থানীয় সরকারব্যবস্থাকে গণতন্ত্রের সূতিকাগার উল্লেখ করে এ ব্যবস্থা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, স্থানীয় সরকারব্যবস্থাকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সমবায় ভবনে নগর ও পল্লী এলাকায় সমবায় সমিতির মাধ্যমে সৌরবিদ্যুৎ স্থাপনের কর্মকৌশল নির্ধারণবিষয়ক এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. আবদুল মঈন খান বলেন, সৌরশক্তি ব্যবহারে সরকারের ঘোষিত পরিকল্পনা মাঠপর্যায়ে বাস্তবায়নের দায়িত্ব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। সরকারের বিভিন্ন উদ্যোগের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়টি নিশ্চিত করতে তাঁদের কার্যকর ভূমিকা রাখতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের অর্থনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের ভূমিকা এবং সৌরবিদ্যুতের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, যার কারণে প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দেবেন। বিরোধী দলের শাটডাউনের আহ্বান সত্ত্বেও গত পাঁচ দিনে দেশে ৭ হাজার ৭৭৬ কোটি টাকার রেমিট্যান্স এসেছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও দাবি করেন, গত সাত মাসে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১১ বিলিয়ন ডলার বেড়ে ৩৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মোট ঋণের চাপ ৩৭ শতাংশ থেকে কমে ৩২ শতাংশে নেমেছে।
জাতীয় সংসদ ও রাজপথে বিরোধী দলের বক্তব্যের মধ্যে অসংগতি রয়েছে বলেও মন্তব্য করেন মীর শাহে আলম। তার অভিযোগ, জাতিসংঘের অধিবেশনে সরকারের সাফল্য আড়াল করতে রাড্ডা ও নিউগিনি প্রকল্পে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাঙচুর চালানো হয়েছে এবং পরে সেসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরশক্তির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে দেশে সৌরশক্তি থেকে উৎপাদিত ১ হাজার ৮৭২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। অন্যদিকে পাকিস্তানের মতো দেশ সৌরশক্তি থেকে ৩২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে বলে উল্লেখ করেন তিনি।
মীর শাহে আলম জানান, বাসাবাড়িতে উৎপাদিত উদ্বৃত্ত সৌরবিদ্যুৎ সরকার কিনে নেবে। এ উদ্যোগ বাস্তবায়নে সমবায় অধিদপ্তরের মাধ্যমে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









