সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলায় হতাহতের ঘটনায় কড়া নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
শনিবারের (১০ অক্টোবর) ওই হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০৯ জন।
রবিবার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ১০ অক্টোবর বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলার কঠোর নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। এ হামলায় দুই বাংলাদেশির মর্মান্তিক প্রাণহানি ঘটেছে এবং বহু মানুষ আহত হয়েছেন।
হতাহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিহতদের পরিচয় ও অন্যান্য তথ্য জানতে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদের বাংলাদেশ মিশন সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে দুই বাংলাদেশি, চার সৌদি নাগরিক এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন। সর্বশেষ হিসাব অনুযায়ী, আহতের সংখ্যা ৩০৯।
বিবৃতিতে বাংলাদেশ সরকার নিহত সবার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করে এবং বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো যেকোনো হামলা অগ্রহণযোগ্য। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।
গত এক সপ্তাহে বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আরও দুইবার হামলা হয়েছে। এসব ঘটনায় চারজন নিহত ও অনেকে আহত হয়েছেন। একটি উড়োজাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসব হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে অবিলম্বে সব ধরনের সংঘাত বন্ধ করা, বেসামরিক মানুষ ও স্থাপনার সুরক্ষা নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









