বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। বায়ুমান সূচকে শহরটির প্রাপ্ত স্কোর ৪৫৮। অন্যদিকে, ১৯৪ স্কোর নিয়ে এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের এই মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য তুলে ধরা হয়েছে।
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ২৪৪, তৃতীয় স্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা, যার স্কোর ২৩৫।
উল্লেখ্য, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









